গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরে দুই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও ডাকাতির চেষ্টাকালে চার ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামশীল ইউনিয়নের সিকির বাজার ও মুশরিয়া গ্রাম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
অপহরণের খবর জানাজানি হলে এলাকাবাসী বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ও রিকশা-ভ্যান ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গ্রামবাসী চারপাশ থেকে ঘিরে ফেললে ডাকাতরা পালানোর পথ না পেয়ে মুশরিয়া গ্রামে ধরা পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে এবং চার ডাকাতকে আটক করে তাদের গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। আটকৃত হলেন: রবিউল ঢালী (২৫) – উজিরপুর, বরিশাল, ইলিয়াছ (৩২) – বাকেরগঞ্জ, বরিশাল, পারভেজ (৩৩) – বাকেরগঞ্জ, বরিশাল এবং জহির (৩৮) – বামনা, বরগুনা। তবে মাইক্রোবাসে থাকা অন্য ডাকাতরা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে একটি ব্যাগে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী দুই ভাই শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথিমধ্যে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকির বাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ আটককৃতদের কাছ থেকে র্যাবের পোশাক, হাতকড়া (হ্যান্ডকাফ) এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আহত ডাকাত ও দুই ব্যবসায়ীকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply