ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারীপাড়া এলাকার মৃত শুকচান শেখ ওরফে শুকচান মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), একই জেলা ও থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মোঃ জুয়েল রানা (৪২), একই এলাকার মৃত লেদু শেখের ছেলে মিজান শেখ (৫০), কুড়িগ্রামের উলিপুর থানার পারুলের লাড় এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে মোঃ আব্দুর রহিম (৪০), নাটোরের বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম (৪১) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার তেলিজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল মমিন (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলা, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, নাটোর ও সিরাজগঞ্জের বাসিন্দা হলেও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিল। তারা মূলত নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী যানবাহন যেমন গরুর গাড়ি, চিনি, চাল, তেল, রড বহনকারী ট্রাককে টার্গেট করে ডাকাতি করত।
অভিযান চলাকালে পুলিশ তাদের ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে।
Leave a Reply