প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা ও কৌতূহল। সূত্রে জানাযায়, দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ সফর করতে পারেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে প্রতিবেশী ভারত।
সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফর ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সফরকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কেও আমন্ত্রণ জানানো হতে পারে। সফরকে স্মরণীয় করতে ভারতের পক্ষ থেকে উচ্চমাত্রার রাষ্ট্রীয় আতিথেয়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মূলত, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বার্তাও দিতে চায় প্রতিবেশী দেশটি।
আলোচনায় প্রায় ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ, গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং জ্বালানি সহযোগিতার বিষয় উঠে এসেছে বলে জানা গেছে। বিশেষ করে সেচের জন্য ডিজেল আমদানির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
Leave a Reply