পলাতক শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছেন, তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও আমার সঙ্গে ভারতের হাইকমিশনারের একাধিক বৈঠক হয়েছে। সেসব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শুধু শেখ হাসিনা নয়, আরও যারা সেখানে পালিয়ে রয়েছেন, তাদের বিষয়েও আমরা কথা বলেছি। এটা একটি চলমান প্রক্রিয়া।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা চলছে, যার বড় একটি বিশাল অংশীজন যুক্তরাষ্ট্র। আর একদিকে হলো-চুক্তিটা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। শুধু এই চুক্তি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আরও অনেক চুক্তিই আছে। এসব চুক্তিই বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করে থাকে।
তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রতিটা চুক্তিই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাবো। এসব চুক্তি নিয়ে সংসদ ও সংসদের বাইরেও আলোচনা হবে বলে জানান তিনি।
Leave a Reply