স্টাফ রিপোর্টারঃ
ঢাকার উপকণ্ঠ সাভার ও আশুলিয়ায় এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। গত কয়েকদিন ধরে এলাকাটির বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেলের সংকট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ গ্রাহকরা। অনেক পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরবরাহে অনিয়ম এবং তেলবাহী গাড়ি সময়মতো না পৌঁছানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সাভার ও আশুলিয়ার বেশ কিছু পেট্রোল পাম্পে তেলের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
সাভারের পেট্রোল পাম্পের মালিকগন জানান, “আমরা নিয়মিত তেলের চাহিদা পাঠালেও সময়মতো সরবরাহ পাচ্ছি না। আগে যেখানে প্রতিদিন তেলবাহী গাড়ি আসতো, এখন দুই-তিন দিন পরপর আসছে। এতে আমাদের পাম্পে তেলের সংকট তৈরি হচ্ছে। “গ্রাহকরা এসে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি ঠিক করা সম্ভব নয়।”
এদিকে তেলের সংকটের কারণে বিপাকে পড়েছেন পরিবহন চালকরা। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম। তিনি বলেন, “তেলের জন্য লাইনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। অনেক সময় অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না। দ্রুত সরবরাহ স্বাভাবিক করা দরকার।”
স্থানীয় বাস চালক আব্দুল করিম বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তেল পাইনি। কাজ করতে না পারলে আমাদের আয় বন্ধ হয়ে যায়। তেলের এই সংকটে আমরা খুব কষ্টে আছি।”
তেলের এই অস্থির বাজার কে আর অস্থির করতে একশ্রেণীর অসাধু ব্যক্তিরা তাদের ক্ষমতার বলে মধ্যরাত থেকেই বিভিন্ন পাম্পে লোক সরবরাহ করে বড় গ্যালন এবং কন্টেইনারে করে তারা রিজার্ভ করছেন তেল।এমনকি পেট্রোল পাম্পের নিকটবর্তী অনেকেরই দেখা মিলে- সয়াবিন তেলের কনটেইনার/পানির খালি বোতল এবং প্লাস্টিকের যার হাতে তেল মজুদ করার অসুস্থ প্রতিযোগিতায়।
স্থানীয় সুশীল সমাজের মতে, কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে সাভার ও আশুলিয়ার পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি ও কমে আসবে।
Leave a Reply